
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
মোঃজোনায়েদ হোসেন জুয়েল
ষ্ট্যাফ রিপোর্টার,
কিশোরগঞ্জ জেলা শাখার পাঁচ সদস্যের নতুন আংশিক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর কেন্দ্রীয় নেতৃত্ব। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শরীফুল ইসলাম নিশাদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাফিউল ইসলাম নওশাদ।
শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যেই এ আংশিক কমিটি অনুমোদনের কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে জাকির হোসেন রাজীবকে এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাহাত ইসলাম সাগর। নবনিযুক্ত সভাপতি ও সাধারণ সম্পাদক জানিয়েছেন, সংগঠনকে শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ে কার্যক্রম বাড়ানোই তাদের প্রধান লক্ষ্য।
উল্লেখ্য, গত বছরের ১৫ মে জেলা ছাত্রদলের একটি আংশিক কমিটি ঘোষণা করা হলেও মাত্র ২০ দিনের মাথায় ৪ জুন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সেটি স্থগিত করা হয়। দীর্ঘ বিরতির পর নতুন কমিটি ঘোষণায় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের হাত ধরে জেলার সাংগঠনিক কার্যক্রমে গতি আসবে এবং শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।
Leave a Reply