
জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলন করেছে বাসদ ও যুক্তফ্রন্ট মাগুরা জেলা শাখা
নিজস্ব প্রতিনিধি
খন্দকার নজরুল ইসলাম মিলন
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ও
গণতান্ত্রিক যুক্তফ্রন্ট মাগুরা জেলার উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলন সকাল ১১টায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক যুক্তফ্রন্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি মাগুরা জেলার আহ্বায়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগ মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মাগুরা জেলা শাখার সদস্য সচিব ভবতোষ বিশ্বাস জয়ের পরিচালনায় সংবাদ সম্মেলনের বক্তব্য পাঠ করেন মাগুরা-১ আসনের মই মার্কার প্রার্থী ও বাসদ মাগুরা জেলার আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসু।
নিচে সংবাদ সম্মেলনের বক্তব্য উল্লেখ করা হলো …
প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা,
শুভেচ্ছা নিবেন।
আপনাদের সকলকে জানাই সংগ্রামী সালাম ও আন্তরিক শুভেচ্ছা।
আমি শম্পা বসু। গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল–বাসদের পক্ষ থেকে মাগুরা-১ আসনে “মই” প্রতীক নিয়ে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি।
এই নির্বাচনে আমাদের প্রাপ্ত ভোটের সংখ্যা হয়তো খুব বেশি নয়। কিন্তু আমাদের কাছে এই ভোটগুলো ভীষণ মূল্যবান। কারণ, এই ভোট আমাদের আদর্শ, আমাদের সংগ্রাম এবং শোষণ-বৈষম্যহীন, সাম্যের সমাজ গড়ার স্বপ্নের প্রতি মানুষের আস্থা ও ভরসার বহিঃপ্রকাশ। সীমিত সামর্থ্য ও নানা প্রতিকূলতার মধ্যেও যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন—প্রচার-প্রচারণায় সহযোগিতা করেছেন, সাহস জুগিয়েছেন, আর্থিক সহায়তা দিয়েছেন, সাংবাদিক ভাই-বোনেরা আমাদের বক্তব্য জনগণের সামনে তুলে ধরেছেন এবং সর্বোপরি ভোটের মাধ্যমে সমর্থন জানিয়েছেন—তাদের প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
আমরা বিশ্বাস করি, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মানবিক সমাজ গড়ার সংগ্রাম কোনো একদিনের বা এক নির্বাচনের বিষয় নয়। এটি একটি দীর্ঘমেয়াদী লড়াই। এই নির্বাচন সেই দীর্ঘ ধারাবাহিক সংগ্রামেরই একটি অধ্যায় মাত্র। আমরা নির্বাচনের আগেই স্পষ্টভাবে ঘোষণা করেছিলাম—নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, জনগণের পক্ষে আমাদের অঙ্গীকার বাস্তবায়নের সংগ্রাম আমরা অব্যাহত রাখব। আজও সেই অবস্থানে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
আমি মাগুরা-১ ও মাগুরা-২ আসনের নির্বাচিত সংসদ সদস্যদ্বয়কে অভিনন্দন জানাই। একইসঙ্গে আশা প্রকাশ করছি, তাঁরা মাগুরা জেলার দীর্ঘদিনের সংকট নিরসনে আন্তরিক ও গতিশীল উদ্যোগ গ্রহণ করবেন।
এখানে আমি সংক্ষেপে আমাদের নির্বাচনী অঙ্গীকার ও আন্দোলনের দাবিগুলো পুনরায় তুলে ধরছি—
* দ্রব্যমূল্য কমানো এবং বাজারে সিন্ডিকেট ও মুনাফালোভী দৌরাত্ম্য ভাঙা
* শিক্ষা ও চিকিৎসা খাতে বাণিজ্যিকীকরণ বন্ধ করা
* কৃষকের ফসলের ন্যায্য দাম এবং শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা
* নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণ বন্ধ করা; নারীর মর্যাদা ও সম-অধিকার প্রতিষ্ঠা
* নির্বাচনে কালো টাকা, পেশিশক্তি এবং ধর্মের রাজনৈতিক ব্যবহার বন্ধ করা
* গ্রাম ও শহরের দরিদ্র মানুষের জন্য আর্মি রেটে রেশন ব্যবস্থা চালু করা
* বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও দুঃস্থ ভাতার সংখ্যা ও পরিমাণ বৃদ্ধি এবং বেকার ভাতা চালু
* মাগুরা জেলায় বেকারত্ব দূর করতে কার্যকর উদ্যোগ; কৃষিভিত্তিক শিল্প স্থাপন ও বন্ধ টেক্সটাইল মিল চালু
* মাগুরা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ
* মাগুরা জেলায় পূর্ণাঙ্গ সরকারি চিকিৎসাসেবা নিশ্চিত করা; সদর হাসপাতালে ডাক্তার-নার্স সংকট দূর, আইসিইউ, সিটি স্ক্যান, ইসিজি সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন
* জেলার সব স্কুল ও কলেজে নিয়মিত ক্লাস নিশ্চিত করা; শিক্ষক সংকট দূর, লাইব্রেরি ও ল্যাবরেটরি উন্নয়ন
* হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে নিয়মিত ক্লাস, শিক্ষক ও পরিবহন সংকট নিরসন এবং ধাপে ধাপে পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ
* নবগঙ্গা নদীসহ মাগুরার সব নদী দখল ও দূষণমুক্ত করা; জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা
* ভাঙাচোরা রাস্তাঘাট যৌন সংস্কার, নিয়মিত মশক নিধন কার্যক্রম
* মাগুরা শহরে স্বাস্থ্যকর, নিরাপদ ও নারীবান্ধব পাবলিক টয়লেট নির্মাণ
* মাগুরাকে মাদকমুক্ত করা এবং যুব সমাজকে রক্ষা করা
* মাগুরার ক্রীড়াঙ্গনকে বহুমুখী ও গতিশীল করা; ক্রীড়াক্ষেত্রে নারীর অংশগ্রহণের সব বাধা দূর করা
* মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে শোষণ-বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা
এই সকল দাবি ও অঙ্গীকার বাস্তবায়নের জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
যে সকল সম্মানিত ভোটার শত প্রতিকূলতার মধ্যেও আমার প্রতি আস্থা রেখে ভোট দিয়েছেন এবং যারা এবারে দিতে পারেননি বা দেননি তাদের সকলের প্রতি সনির্বন্ধ অনুরোধ আপনাদের মূল্যবান পরামর্শ, সহযোগিতা ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে আমাকে এবং আমাদের দলকে জনগণের অধিকার আদায়ে গণআন্দোলনের শক্তি হিসেবে গড়ে উঠতে সাহায্য করবেন।
আমরা মাগুরাবাসীর প্রতি আহ্বান জানাই—আসুন, এসব ন্যায্য দাবিতে ঐক্যবদ্ধ হই। মানুষের ভালোবাসা, সমর্থন ও আস্থা আমাদের এগিয়ে চলার পথে শক্তি জোগাবে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি—মানুষের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং শোষণ ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।
সবাইকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।
Leave a Reply