
৪০ হাজার টাকা ধার নিয়ে দ্বিগুণ টাকা পরিশোধের পরও পুনরায় টাকা দাবি ও প্রাণনাশের হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার
মোঃ নাঈম শেখ নিজস্ব প্রতিবেদক, ঢাকা (বাংলাদেশ):
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের নাগড়া বাজারের ব্যবসায়ী বাসুদেব সরকারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চৌবাড়িয়া গ্রামের হানিফ মৃধা নামের এক সুদখোরের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগী পরিবার বর্তমানে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৩ বছর আগে পারিবারিক অভাব-অনটনের কারণে বসতবাড়ি মেরামতের জন্য চৌবাড়িয়া গ্রামের হানিফ মৃধার কাছ থেকে ৪০ হাজার টাকা হাওলাদ (ধার) নেওয়া হয়। নির্ধারিত সময়ে টাকা পরিশোধ করতে না পারায় অভিযুক্ত হানিফ মৃধা তাদের নাগড়া বাজারের দোকানে এসে জানায়, টাকা দিতে দেরি হওয়ায় যতদিন টাকা পরিশোধ করা না হবে ততদিন মাসিক ১০ হাজার টাকা করে লাভ (সুদ) দিতে হবে।
পরিবারটি একসাথে ৪০ হাজার টাকা পরিশোধ করতে না পারায় বাধ্য হয়ে তার শর্ত মেনে নেয় এবং মাসিক ১০ হাজার টাকা করে মোট ৪৯ হাজার টাকা পরিশোধ করে। পরে কিছুদিন অভিযুক্ত অসুস্থ থাকলেও বিভিন্ন লোকজনের মাধ্যমে ভুক্তভোগী পরিবারকে চাপ ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।
এক পর্যায়ে হানিফ মৃধা ও তার সহযোগীরা এসে নতুন শর্ত দেয় যে, আসল ৪০ হাজার টাকা ৪ মাসে প্রতি মাসে ১০ হাজার টাকা করে পরিশোধ করলে অতিরিক্ত টাকা দিতে হবে না। তাদের কথামতো প্রথম মাসে ১০ হাজার টাকা পরিশোধ করা হলেও পারিবারিক ও অর্থনৈতিক সংকটের কারণে বাকি টাকা পরিশোধ করা সম্ভব হয়নি।
ভুক্তভোগী বাসুদেব সরকারের ছেলে বাঁধন সরকার জানান, “আমরা হানিফ মৃধার কাছ থেকে ৪০ হাজার টাকা ধার নিয়েছিলাম, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে টাকা দিতে না পারায় হানিফ মৃধা আমাদের জোর করে এবং বলেন আমরা যতদিন টাকা ফেরত দিতে না পারবো ততদিন মাসিক ১০ হাজার টাকা তাকে লাভ দিতে হবে, এখন পর্যন্ত তাকে ৫৯ হাজার টাকা দিয়েছি। তারপরও গতকাল সন্ধ্যায় হানিফ মৃধা তার ভারাটিয়া লোকজন নিয়ে আমাদের দোকানে এসে আবার সুদ আসল সহ টাকা দাবি করে এবং আমার বাবা বাসুদেব সরকারকে মারপিট করতে যায় এক পর্যায়ে তার লোকজনের উপস্থিতিতে প্রাণনাশের হুমকি দেয়। টাকা না দিলে ভিটা-বাড়ি থেকে উচ্ছেদ সহ বিভিন্ন ভয় ভীতি ও মামলা করার হুমকিও দেয়।”
তিনি আরও জানান, বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন।
এছাড়াও সরেজমিনে অনুসন্ধান করে দেখা যায়, হানিফ মৃধা দীর্ঘদিন ধরে গরিব ও অসহায় মানুষদের প্রথমে টার্গেট করে প্রথমে টাকা ধার দেন এবং পরে ঐ ধারের টাকা ভুক্তভোগী পরিশোধ করতে না পারলে সেই টাকা সুদ হিসেবে ধরে বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে মাসিক মুনাফা আদায় করে আসছে।
ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সুদের মাধ্যমে হয়রানি বন্ধের জোর দাবি জানিয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত হানিফ মৃধার বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল বলছে, সুদের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি ও প্রাণনাশের হুমকি দেওয়ার মতো ঘটনা বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।
Leave a Reply