
মহাসড়কে জাল টাকা লেনদেনের সময় আটক; পরে বাড়িতে অভিযান চালিয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৩ হাজার ৬০০ টাকা জাল নোট উদ্ধার
নিজস্ব প্রতিবেদক:
চান্দিনা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে জাল টাকা তৈরির সঙ্গে জড়িত এক যুবককে গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে বিভিন্ন নোটের ১৩ হাজার ৬০০ টাকা জাল নোট উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িতে অভিযান চালিয়ে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ ও একটি প্রিন্টার জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২০ এপ্রিল ২০২৬) দুপুর ১টা ৫ মিনিটের দিকে বাংলাদেশ পুলিশ-এর চান্দিনা থানা অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার বেলাশ্বর এলাকায় পালকী সিনেমা হলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জাল টাকা ক্রয়-বিক্রয়ের সময় এক যুবককে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. আরিফুল ইসলাম (২৫)। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া (বেত বাড়ি) এলাকার বাসিন্দা। আটককালে তার কাছ থেকে বিভিন্ন মূল্যমানের ১৩ হাজার ৬০০ টাকা জাল নোট উদ্ধার করে পুলিশ এবং তা জব্দ করা হয়।
পরে গ্রেফতারকৃত আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেল ৩টা ২০ মিনিটের দিকে মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া এলাকায় তার নিজ বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার শয়নকক্ষ থেকে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ ও একটি প্রিন্টার উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি ও বাজারে সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বিষয়টি খতিয়ে দেখে এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা চলছে।
এ বিষয়ে চান্দিনা থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত জাল টাকা ও সরঞ্জাম জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জাল নোট প্রস্তুত ও প্রচলনের অভিযোগে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Leave a Reply