
মাদকমুক্ত সমাজ গঠনে কিশোরগঞ্জে আত্মসমর্পণ ও পুনর্বাসন কর্মসূচি
মোঃজোনায়েদ হোসেন জুয়েল
স্টাফ রিপোর্টার,
মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করতে কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আত্মসমর্পণ ও পুনর্বাসনভিত্তিক বিশেষ কর্মসূচি। অপরাধে জড়িত ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এবং সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়।
রবিবার (৩ মে ২০২৬) বিকেলে বত্রিশ মনিপুর ঘাট মসজিদ মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল আলম শরিফ এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূইয়া উপস্থিত ছিলেন। এছাড়া রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী মহলের প্রতিনিধিরাও কর্মসূচিতে অংশ নেন।
উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন কিশোরগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া, জেলা যুবদলের সভাপতি জিএস শরীফ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, আলঙ্গীর সিটির কর্ণধার ও সমাজ সেবক শরিফুল আলম শিবলু ,জেলা ছাত্রদলের সভাপতি নিশাত ও সাধারণ সম্পাদক নওশাদ, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, সাবেক ছাত্রনেতা মাসুদুল হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, জেলা বিএনপির সহ ধর্মবিষয়ক সম্পাদক জীবন চন্দ্র দাশ, শহীদ জিয়া স্মৃতি সংসদের সিনিয়র সহ-সভাপতি রেজুয়ান আহম্মেদ, যুবদল নেতা আমান উল্লাহ আমান, সমাজসেবক ফরিদ আহম্মেদ এবং শ্রমিক নেতা দেলোয়ার হোসেন দুলালসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক শুধু ব্যক্তিগত নয়, এটি পরিবার ও সমাজের জন্য বড় ধরনের হুমকি। তাই মাদক ব্যবসায় জড়িতদের আইনের মুখোমুখি করার পাশাপাশি তাদের জন্য পুনর্বাসনের সুযোগ তৈরি করা জরুরি। বক্তারা মাদক ব্যবসা ছেড়ে স্বেচ্ছায় আত্মসমর্পণের আহ্বান জানান এবং নতুন জীবন শুরু করার সুযোগ গ্রহণ করতে উৎসাহিত করেন।
অনুষ্ঠানে অবৈধ দেশীয় অস্ত্র জমা দেওয়ার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অস্ত্র জমা দিতে আহ্বান জানানো হয় এবং কর্মসূচির অংশ হিসেবে অস্ত্র গ্রহণ করা হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে মাদক ও অপরাধ প্রবণতা কমবে এবং সমাজে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠা পাবে। জেলা পুলিশের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানের সঞ্চালনা করেন জীবন চন্দ্র দাশ। আয়োজকরা মনে করছেন, পুনর্বাসনভিত্তিক এ উদ্যোগ মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply