1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

জুলাইয়ের মধ্যে চামড়া খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রকাশ করবে সরকার’

অনলাইন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ১ Time View

 

‘জুলাইয়ের মধ্যে চামড়া খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রকাশ করবে সরকার’

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি : সংগৃহীত

দেশের চামড়াশিল্পকে আরো শক্তিশালী, আধুনিক ও রপ্তানিমুখী খাতে পরিণত করতে আগামী জুলাইয়ের মধ্যে একটি দীর্ঘমেয়াদি সমন্বিত পরিকল্পনা প্রকাশ করতে যাচ্ছে সরকার। এই পরিকল্পনায় কাঁচা চামড়া সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবেশবান্ধব শিল্পায়ন এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে।

 

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির শুক্রবার (২৯ মে) রাজধানীর লালবাগের পোস্তায় কোরবানির কাঁচা চামড়া ক্রয়-বিক্রয় কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

 

মন্ত্রী বলেন, ‘কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়াশিল্পকে একটি বড় রপ্তানি খাতে পরিণত করাই সরকারের লক্ষ্য। এ জন্য সরকার সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে। আগামী জুলাই মাসের মধ্যে চামড়া খাতের উন্নয়ন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধির জন্য একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ জাতির সামনে উপস্থাপন করা হবে।

 

তিনি আরো বলেন, ‘চামড়াশিল্প বাংলাদেশের একটি সম্ভাবনাময় খাত। যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এই খাত থেকে বৈদেশিক মুদ্রা আয় উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব।’

 

সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসায়ী, আড়তদার এবং মসজিদ-মাদরাসাভিত্তিক সংরক্ষণ উদ্যোগের কারণে এবার অধিকাংশ কোরবানির চামড়া ব্যবহার উপযোগী অবস্থায় সংগ্রহ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

 

তিনি বলেন, ‘গতকাল আমিনবাজার এবং আজ পোস্তা ও সাভারের হেমায়েতপুর আড়ত পরিদর্শনে গিয়ে দেখেছি ব্যবসায়ীদের হাতে বিপুল পরিমাণ চামড়া এসেছে।

 

সেখানে লবণ মাখানোর কার্যক্রম চলছে। সব চামড়া একসঙ্গে ঢাকায় আসে না, পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে সাধারণত দুই থেকে তিন মাস সময় লাগে।’

চামড়া সংরক্ষণে সঠিক পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্ব দিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘কোরবানির চার থেকে ছয় ঘণ্টার মধ্যে চামড়া পরিষ্কার করে লবণ মাখাতে পারলে তা তিন থেকে চার মাস পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব। অন্যথায় চামড়ার গুণগত মান নষ্ট হয়ে যায়।’ বর্তমানে তাপমাত্রা তুলনামূলক সহনীয় থাকায় পরিস্থিতি অনুকূলে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘অতিরিক্ত গরমে কয়েক ঘণ্টার মধ্যেই চামড়া নষ্ট হওয়ার ঝুঁকি থাকে।

 

কাঁচা চামড়া থেকে ধাপে ধাপে ওয়েট ব্লু, ক্রাস্ট লেদার এবং ফিনিশড লেদার তৈরি করে জুতা, স্যান্ডেল, বেল্টসহ বিভিন্ন পণ্য উৎপাদন করা হয়। তাই প্রাথমিক পর্যায়ে সংরক্ষণে অবহেলা হলে পুরো শিল্প ক্ষতিগ্রস্ত হয় বলে জানান মন্ত্রী।

 

চামড়া পাচার রোধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা চাই না দেশের একটি চামড়াও পাচার হোক। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।’

 

সাভারের চামড়া শিল্প নগরী ও সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (সিইটিপি) প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সিইটিপিতে এখনো কিছু সীমাবদ্ধতা রয়েছে। প্রকল্পটির দৈনিক সক্ষমতা ২৫ হাজার কিউবিক মিটার হলেও বাস্তবে তা ১৪ থেকে ১৮ হাজার কিউবিক মিটারের মধ্যে সীমাবদ্ধ। এই সক্ষমতা বাড়াতে দ্রুত সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হবে।’

 

হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরের পরও অনেক ট্যানারি পুরোপুরি কার্যক্রম চালু করতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, সিইটিপির সীমাবদ্ধতা দূর করতে পারলে আরো বিনিয়োগ আসবে এবং দেশের সব চামড়াশিল্পকে আধুনিক শিল্পায়নের আওতায় আনা সম্ভব হবে। এ ছাড়া আন্তর্জাতিক বাজারে চামড়ার মান ধরে রাখতে জবাই ও চামড়া ছাড়ানোর (স্কিনিং) প্রক্রিয়াকে আধুনিক ও যান্ত্রিক করার পরিকল্পনার কথাও জানান তিনি।

 

মন্ত্রী জানান, বর্তমানে দেশে চামড়াজাত পণ্যের বাজার ও রপ্তানির পরিমাণ প্রায় ১২ থেকে ১৫ হাজার কোটি টাকা। এ ছাড়া দেশের অভ্যন্তরেও চামড়াজাত পণ্যের একটি বড় বাজার রয়েছে। কোরবানির চামড়া যথাযথভাবে সংরক্ষণের জন্য সরকার ইতোমধ্যে মাদরাসা ও বিভিন্ন সংগ্রহকেন্দ্রে বিসিক ও জেলা প্রশাসনের মাধ্যমে বিনা মূল্যে লবণ সরবরাহ করেছে বলেও তিনি উল্লেখ করেন।

 

পরিদর্শনকালে শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুল রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান, বিসিকের মহাপরিচালক মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd