ভগবান শ্রী রামচন্দ্রের অবমাননা ও মন্দিরে হামলার হুমকির প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
বাদল চন্দ্র ধর, ঝালকাঠি সদর
ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি অবমাননাকর বক্তব্য এবং গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙচুর ও হামলার হুমকির প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
শনিবার (২০ জুন) দুপুর ১২টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সনাতন সম্প্রদায়ের নারী-পুরুষ, যুবক ও প্রবীণরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ধর্মীয় মূল্যবোধের প্রতি পারস্পরিক শ্রদ্ধাশীল হওয়া জরুরি।
বক্তারা ধর্মীয় উপাসনালয়ে হামলা, ভাঙচুর ও হুমকির ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে ঝালকাঠি জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ সনাতন সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।