
কারাবন্দীদের কল্যাণে গুরুত্বারোপ, কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের মান্যবর জেলা প্রশাসক জনাব সোহানা নাসরিন কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি কারাবন্দীদের কল্যাণ, খাদ্য ও চিকিৎসাসেবার মান নিশ্চিতসহ একটি মানবিক ও সংশোধনমূলক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সোমবার (২২ জুন) জেলা প্রশাসক কিশোরগঞ্জ জেলা কারাগারে পৌঁছালে কারা কর্তৃপক্ষ তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি কারাগারের সার্বিক পরিবেশ, বন্দিদের আবাসন ব্যবস্থা, খাদ্যের মান, চিকিৎসাসেবা এবং অন্যান্য কল্যাণমূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাবন্দীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন অভিযোগ, সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ সহকারে শোনেন। তিনি প্রতিকারযোগ্য বিষয়সমূহ দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি বন্দিদের জন্য সরবরাহকৃত খাদ্যের গুণগত মান বজায় রাখা এবং কারা ক্যান্টিনে বিক্রিত পণ্যের মূল্য ও মান নিয়মিত তদারকির নির্দেশ দেন। পাশাপাশি অসুস্থ বন্দিদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করা, প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ত সরবরাহ বজায় রাখা এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী পুষ্টিকর খাদ্য সরবরাহের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক কারা কর্তৃপক্ষকে বন্দিদের মানবিক মর্যাদা রক্ষা, পুনর্বাসনমূলক কার্যক্রম জোরদার এবং একটি সংশোধনমুখী পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, কারাগার কেবল শাস্তি কার্যকরের স্থান নয়, বরং একজন মানুষকে সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার একটি কার্যকর শোধনাগার। এ লক্ষ্যে কারা কর্তৃপক্ষের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও মানবিক দৃষ্টিভঙ্গি অব্যাহত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।