
সাংবাদিক পিতার একমাত্র ছেলে নিখোঁজ, ৩ দিনেও মেলেনি সন্ধান — উৎকণ্ঠায় পরিবার
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার সাংবাদিক গাজী আব্দুল কাইয়ুম মজুমদার-এর একমাত্র ছেলে ইফাত মজুমদার লিমন (১৪) গত শনিবার থেকে নিখোঁজ রয়েছে। তিন দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না মেলায় পরিবারে নেমে এসেছে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা।
নিখোঁজ ইফাত মজুমদার লিমন ঘোড়াশাল হাজী মকসুদ আলী গাউছিয়া ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে চ্যানেল এস সেভেন ও দৈনিক ঢাকার সময় পত্রিকার কুমিল্লা প্রতিনিধি গাজী আব্দুল কাইয়ুম মজুমদার এবং নাসরিন নাহার রনি দম্পতির একমাত্র ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার (২১ জুন) বিকেল আনুমানিক ৬টার দিকে ইফাত বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
এ ঘটনায় মুরাদনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ এবং পরিবারের সদস্যরা ছেলেটির সন্ধানে কাজ করছেন।
নিখোঁজ সন্তানের খোঁজ না পেয়ে বাবা-মা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। পরিবারের পক্ষ থেকে দেশের সকল মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।
যদি কোনো ব্যক্তি ইফাত মজুমদার লিমনের সন্ধান পেয়ে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
📞 যোগাযোগ: ০১৮১৮-২৭৭২০৯
পরিবারের আকুল আবেদন— একটি তথ্যও ফিরিয়ে দিতে পারে পরিবারের একমাত্র সন্তানকে।