ঝালকাঠিতে জাতীয় ফল মেলা – ২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
শংকর দাস পবন,স্টাফ রিপোর্টার
‘করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে উৎসবমুখর পরিবেশে জাতীয় ফল মেলা-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝালকাঠির যৌথ উদ্যোগে এ মেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় ফল মেলা-২০২৬-এর উদ্বোধন করেন ঝালকাঠি জেলার মাননীয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝালকাঠির উপপরিচালক মো. আবদুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজ এবং সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসান। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষিবিদ, কৃষি উদ্যোক্তা, ফলচাষি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে দেশীয় ফল চাষের কোনো বিকল্প নেই। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সরকারের সময়োপযোগী উদ্যোগের ফলে দেশে ফল উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বারোমাসি ফল চাষ ও আধুনিক সংরক্ষণ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি, ফলের অপচয় রোধ এবং জনগণের পুষ্টি চাহিদা পূরণ করা সম্ভব।
বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে ফল চাষে উদ্বুদ্ধ করা এবং আধুনিক ফল সংরক্ষণ প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে জাতীয় ফল মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মেলা প্রাঙ্গণে স্থানীয় বিভিন্ন নার্সারি ও কৃষি উদ্যোক্তারা দেশীয় ও বিদেশি বিভিন্ন জাতের ফল, উন্নতমানের ফলের চারা এবং কৃষিপণ্য নিয়ে আকর্ষণীয় স্টল স্থাপন করেন। দিনব্যাপী আয়োজিত এ মেলায় স্থানীয় কৃষক, ফলচাষি, শিক্ষার্থী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, জাতীয় ফল মেলা-২০২৬ স্থানীয় পর্যায়ে ফল চাষ সম্প্রসারণ, পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং নতুন কৃষি উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।