
এসআই নূর হোসেনের ঝটিকা অভিযান: ফরিদপুরে ২ বাইকসহ চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার
ফরিদপুর থেকে ( সারোয়ার)
ফরিদপুর শহরে সাঁড়াশি অভিযান চালিয়ে একটি পেশাদার মোটরসাইকেল চোর চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গতকাল শনিবার (২০ ডিসেম্বর) রাতভর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ রবিবার (২১ ডিসেম্বর) সকালে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মোঃ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ১৫ দিনে ফরিদপুর শহরের বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এর মধ্যে গত ২০ ডিসেম্বর দুপুরে শহরের রঘুনন্দনপুর এলাকার ‘হালিমা ভিলা’র নিচতলা থেকে জুনায়েদ হাবিব নামের এক শিক্ষকের একটি ডিসকাভার ১২৫ সিসি মোটরসাইকেল চুরি হয়।
চুরির পর পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় চোর চক্রটিকে শনাক্ত করতে সক্ষম হয়। এরপরই শুরু হয় পুলিশের বিশেষ অভিযান।
গ্রেফতারকৃতরা হলেন
গ্রেফতারকৃত ৭ সদস্যের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন : ১. এনামুল চৌকদার (২৬), পিতা- আব্দুল মান্নান (সদর উপজেলা)। ২. সিদ্দিক সর্দার (৪০), পিতা- মৃত সাদেক সর্দার (শোভারমপুর)। ৩. তাসফিক মাহমুদ তামিম (২০), পিতা- মামুন মোল্যা (আলীপুর)। ৪. আশিকুল ইসলাম অনিক (২২), পিতা- সরোয়ার হোসেন (আলীপুর)। ৫. রাতুল শেখ (২২), পিতা- মৃত ইউনুস শেখ (আলীপুর)। ৬. লিওন শেখ (২৪), পিতা- আনোয়ার শেখ (চর মাধবদিয়া)। ৭. সাব্বির হোসেন নয়ন ওরফে সাদ্দাম (৩৪), পিতা- মুক্তার শেখ (নড়াইল)।
অভিযান পরিচালনাকারী এস আই নূর হোসেন জানান, গ্রেফতারকৃতরা অত্যন্ত দক্ষ ও পেশাদার চোর। তাদের কাছে এমন কিছু বিশেষ চাবি (Master Key) থাকে যা দিয়ে যে-কোনো মোটরসাইকেল মুহূর্তেই চালু করা সম্ভব। তারা ইতিপূর্বেও চুরির দায়ে গ্রেফতার হয়েছিল, কিন্তু জামিনে বের হয়ে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত বাইক দুটির মধ্যে একটি ডিসকাভার ১২৫ সিসি এবং অন্যটি অ্যাপাচি-৪ভি আরটিআর। আজ রবিবার দুপুরে তিনটি পৃথক চুরির মামলায় গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply