
ফরিদপুরে নিয়ম না মেনে পুরাতন মার্কেট সংস্কারকালে নির্মাণ সামগ্রী পড়ে পথচারী আহত
মোঃ টোকন শেখ জেলা প্রতিনিধি ফরিদপুর।
ফরিদপুরে সরকারি নিয়ম ও নিরাপত্তা ব্যবস্থা উপেক্ষা করে পুরাতন একটি মার্কেট সংস্কার কাজ চলাকালে নির্মাণ সামগ্রী নিচে পড়ে এক পথচারী গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায়, হোটেল রাফেলস-ইনের বিপরীত পাশে অবস্থিত সিএনজি স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সংস্কার কাজের সময় কোনো ধরনের নিরাপত্তা জাল, ব্যারিকেড বা সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় হঠাৎ উপর থেকে নির্মাণ সামগ্রী নিচে পড়ে যায়। এতে ওই পথচারীর মাথায় আঘাত লেগে রক্তক্ষরণ শুরু হয়।
আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান, আহত ব্যক্তির মাথা ফেটে গেছে এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, মার্কেটটির মালিক মোঃ কাজি দীর্ঘদিন ধরেই নিয়ম না মেনে সংস্কার কাজ পরিচালনা করে আসছেন। এতে পথচারী ও আশপাশের মানুষের জীবনের ঝুঁকি বাড়ছে। এলাকাবাসী এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে নির্মাণকাজে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
Leave a Reply