
দীর্ঘ ১৮ বছরের নির্বাসন ভেঙে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান: প্রস্তুত বিএনপি, উচ্ছ্বসিত জনতা!
বার্তা সম্পাদক – জাহারুল ইসলাম জীবন
১৮ ডিসেম্বর, ২০২৫ ইং:
দীর্ঘ ১৮ বছরের প্রবাস জীবনের ইতি টেনে অবশেষে স্বদেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বেলা ১১-১৫ মিনিট থেকে ১১-৩০ মিনিটের মধ্যে তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। তাঁর সাথে থাকছেন কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ পৃথক বিবৃতিতে এই ঐতিহাসিক প্রত্যাবর্তনের খবর নিশ্চিত করেছেন। দলটির ভেরিফায়েড ফেসবুক পেজেও আজ এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আগমনের সময়সূচী ও রুট:- প্রাপ্ত তথ্য অনুযায়ী, তারেক রহমান লন্ডন থেকে সরাসরি সিলেট হয়ে ঢাকায় আসবেন।
* ফ্লাইট:- বাংলাদেশ বিমানের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তিনি দেশে ফিরছেন।
* সময়:- আগামী ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।
নেতাকর্মীদের প্রস্তুতি ও সালাহউদ্দিন আহমদের পরিদর্শন:- তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনগুলোর মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। আজ (বৃহস্পতিবার) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা সরেজমিনে পরিদর্শন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা চাই তারেক রহমানের এই ঐতিহাসিক প্রত্যাবর্তন বিগত ৫৫ বছরের ইতিহাসের সব দৃষ্টান্ত ছাড়িয়ে যাক। সারা দেশের মানুষ এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা বিমানবন্দরের আশপাশের এলাকাগুলো দেখছি যাতে করে জনতা তাদের নেতাকে একনজর দেখতে পারে।”
তারেক রহমানের প্রথম গন্তব্য ও অবস্থান:- বিএনপি সূত্র জানিয়েছে, দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় পর দেশে ফিরে তারেক রহমান রাজনৈতিক কর্মসূচির চেয়ে আবেগঘন মুহূর্তকেই প্রাধান্য দেবেন।
* এভারকেয়ার হাসপাতাল:- বিমানবন্দর থেকে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন তাঁর অসুস্থ মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখার জন্য।
* বাসস্থান:- ঢাকায় অবস্থানকালে তিনি গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় উঠবেন, যা খালেদা জিয়ার বর্তমান বাসভবন ‘ফিরোজা’র ঠিক পাশেই অবস্থিত।
প্রশাসনের সার্বিক নিরাপত্তায় ব্যাপক কড়াকড়ি:- তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বিএনপি। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে দলের পক্ষ থেকে ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা’ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এক নজরে ফিরে দেখা:- এক দীর্ঘ নির্বাসনের গল্প
২০০৭ সালের বিতর্কিত ‘ওয়ান-ইলেভেন’ সরকারের সময় গ্রেপ্তার হন তারেক রহমান। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে পাড়ি জমান তিনি। এরপর থেকে গত ১৮ বছর ধরে তিনি লন্ডনেই অবস্থান করছিলেন। এই দীর্ঘ সময়ে প্রবাসে থেকেই তিনি ভার্চুয়ালি দলের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তাঁর এই ফিরে আসা বাংলাদেশের সমসাময়িক রাজনীতিতে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
Leave a Reply