
কেরালার ভোটযুদ্ধে এবার যেন একতরফা স্রোত—‘হাতের’ পক্ষে। গণনার শুরু থেকেই এগিয়ে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ, আর তাতেই কার্যত ধসে পড়ছে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্ক্সবাদী)-এর দীর্ঘদিনের বাম দুর্গ।
ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের প্রতিবেদনে বলা হয়, কেরালায় দশ বছর পর সিপিএমকে হারিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস। সব ক’টি বুথ ফেরত সমীক্ষায় এই আভাস দেওয়া হয়েছে।
এদিকে ১৪০ আসনের বিধানসভায় ম্যাজিক ফিগার ৭১—সেই লক্ষ্যে দ্রুত ছুটছে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট। গণনায়ও একাধিক আসনে লিড নিয়ে কংগ্রেস জোট স্পষ্ট বার্তা দিয়েছে—কেরালায় পালাবদল এখন সময়ের অপেক্ষা মাত্র।
সবচেয়ে বড় ধাক্কা বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের শিবিরে। টানা দুই মেয়াদ ক্ষমতায় থাকার পর এবার তার নেতৃত্বাধীন লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট পিছিয়ে পড়েছে স্পষ্ট ব্যবধানে।
গণনা শুরুর আগেই সামাজিক মাধ্যমে তার ‘মুখ্যমন্ত্রী’ পরিচয় সরিয়ে নেওয়া—এই প্রতীকী পদক্ষেপ ঘিরে শুরু হয়েছিল জল্পনা। সেই শঙ্কাই বাস্তবে রূপ নিতে চলেছে।
বাম ঘাঁটিতে ধস, ফিরছে পুরনো পালাবদল
কেরালার রাজনীতির চিরাচরিত ছন্দ—একবার বাম, একবার কংগ্রেস। ২০২১ সালে সেই নিয়ম ভেঙে ইতিহাস গড়েছিল বাম শিবির।
কিন্তু এবার ভোটারদের রায় স্পষ্ট—ফিরছে পুরনো সমীকরণ বলে জানিয়েছে এশিয়ান নিউজ বাংলার এক প্রতিবেদনে।
ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ, কেরল কংগ্রেসের একাধিক গোষ্ঠী ও অন্যান্য শরিকদের নিয়ে ইউডিএফ এবার মাঠে নামলেও, ভোটের ময়দানে তাদের সমন্বিত আক্রমণেই কোণঠাসা হয়েছে বামেরা।
জাতীয় রাজনীতিতে ‘রেড অ্যালার্ম’
এই ফল শুধু কেরালার সীমায় আটকে নেই—এটি দেশের বাম রাজনীতির অস্তিত্ব সংকেত হিসেবেও দেখা হচ্ছে। পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার পর কেরালায়ও যদি পতন ঘটে, তাহলে কার্যত ক্ষমতার মানচিত্র থেকে মুছে যাবে বাম শাসন।
এমন পরিস্থিতিতে ভারতীয় জনতা পার্টি-র বিরুদ্ধে বিরোধী রাজনীতির ভারসাম্যেও বড় পরিবর্তন আসতে পারে।
সব মিলিয়ে, কেরালার ভোটে এবার স্পষ্ট ‘মুড সুইং’। ‘হাতের’ ঝড়ে উড়ে যাচ্ছে বামদুর্গ। আর সেই স্রোতেই দশ বছর পর ক্ষমতায় ফেরার দোরগোড়ায় কংগ্রেস।
Leave a Reply